শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

ছুঁয়ে রয়ে যাবে

 ছুঁয়ে রয়ে যাবে


আর দুদিন পরেই সে চলে যাবে
তারপরও স্মৃতিতে যে রয়ে যাবে
কখনও বা মেঘ হয়ে ছুঁয়ে যাবে
সে রয়ে যাবে, সে রয়ে যাবে

আজকের মেঘ তাই বলে গেল
সারাদিন এলোমেলো হাওয়া দিলো
শিরশিরে অনুভবে লেখা হলো,
শেষ নয়, গল্পের শুরু গুলো

দুটো দিন চলে গেলে আসবে যে
একই মাঠে রোদ গায়ে মাখবে সে
সব কিছু চেনা সুরে বাজবে রে
ভুলে যাও বললেও ভুলছে কে!

কল্যানী মিত্র ঘোষ
২৯শে ডিসেম্বর, ২০২২


স্বপ্নের খাতিরে

 স্বপ্নের খাতিরে 


স্বপ্ন বদলে যায়
অবচেতন ঠিক ধরে ফেলে পরিবর্তিত পরিস্থিতির হাল হকিকত 

ছোট্ট মেয়েটা ঘুমের মধ্যে 
খিলখিলিয়ে হাসে,
মা ষষ্ঠীর সঙ্গে খেলায় মত্ত

কালে দিনে তার গভীর রাতে 
ছায়া ফেলে কিছু বেয়াড়া বাস্তব,
কে যেন ওঁত পেতে আছে 
অন্ধকার গলিতে সাঙ্গোপাঙ্গো নিয়ে,
এরা কাপুরুষ, 
একলা কিছু করতেই পারেনা। 

হঠাৎ ভেসে ওঠে প্রিয় পুরুষের আবছায়া মুখ
অস্ফুট কথা, চেনা শিহরণ ...
নারী ঘুম ভেঙে খোঁজে 
স্পর্শ ও আশ্বাস
কে ছিলো সে ..গত জন্মের কেউ ? 

আরও দিন যায় 
ঘুমের সময় কমতে কমতে 
অ্যালপ্রাজোলামের বন্ধ ফয়েলে আটকে থাকে
একটি, দুটি করে বাড়ানোই যায়...
স্বপ্ন দেখার অধিকার তো সবারই রয়েছে! 

সমাপ্ত 

কল্যানী মিত্র ঘোষ
৮ ই এপ্রিল, ২০২১


থাকা না থাকা

 থাকা না থাকা 


দুর্যোগের রাতের পরের যে সকাল
নরম রোদ, গরম লেপ আর নিরাপত্তা ... 

কফির কাপে চুমুক 
আর কাঁচের শার্সিতে চোখ 
যেন কিছুই ঘটেনি; 

(শুধু) ব্যালকনির উইন্ডচাইম গড়াগড়ি,
(আর) পড়শীর কালো বেড়ালটা 
ফায়ার পিটে আশ্রয় নিয়েছিল। 

সেও বাড়ি ফিরে যাবে আজ
রোদ মাখা সকালে।
ধীরে ধীরে বাগানে ঝাঁট পড়বে,
সব কিছু আগের মতো। 

কেবল আমূল নড়ে যাওয়া আমি
থেকে যাই ....
কবিতা লিখি, গান গাই,
নড়বড় করে অস্তিত্ব! 

সমাপ্ত
কল্যানী
২৫শে মার্চ, ২০২১

ছুঁয়ে রয়ে যাবে

  ছুঁয়ে রয়ে যাবে আর দুদিন পরেই সে চলে যাবে তারপরও স্মৃতিতে যে রয়ে যাবে কখনও বা মেঘ হয়ে ছুঁয়ে যাবে সে রয়ে যাবে, সে রয়ে যাবে আজকের মেঘ ...