শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

বিম্বিত

 বিম্বিত 



ঘুম আসে;
আজকাল একটু বেশীই,
সময় গলে যায়
আঙ্গুলের ফাঁক দিয়ে 
চুলের রূপোলী রেখায়,
চোখের ঘোলাটে চাউনিতে।

বেঁচে নিতে হবে এইবেলা আপ্রাণ,
ডিম ভাজা দিয়ে কমলাভোগ
অথবা শরীরে মাইসোর সিল্ক,
রসনা, বাসনা পূর্ণতা পাক এক জন্মে
ফিরে আসা টাসা কিছু নয়,
ওসব, শুধু কাব্যেই সম্ভব।

এখন বাঁচা নিজের কথা ভেবে 
বহু নৌকার হাল বেয়ে বেয়ে 
ক্লান্ত দু হাত;
প্রতিটি শিরায় লুকোনো গল্পকথা
বলিরেখাদেরও ভিন্ন ভিন্ন নাম

ভালোবাসতে ভুলে যেতে যেতে 
একদিন, আরশীতে প্রিয় মুখ
সম্বিত ফেরে, 
এই তবে সেই বহু প্রতীক্ষিত ...
অজর অমর বিম্বিত "সোল মেট!"

কল্যানী মিত্র ঘোষ

তোদের জন্যে

 তোদের জন্যে 

(স অ অ ব বন্ধুদের জন্য)



মনটা যেদিন বড্ড খারাপ
সেলফোনে দেখি বন্ধু!
"আরে? বুঝলি কি করে তোকেই খুঁজছি? টেলিপ্যাথি  নাকি?" 

"বিলকুল!" 

হাহা হাসি শুনে এক লহমায়
যত কালো সব দে দৌড়
স্মৃতি ছেঁচে তুলি ভালোবাসাবাসি
সাঁতরে পেরোই সমুদ্দুর 

আরেক টা দিন মেঘলা ই ছিল ...
মেসেঞ্জারে নক নক,
"সেকি??
তুই ফেসবুকে?"
গিন্নী বান্নি, 
বুঝি দিদিমাও এতদিনে!
"ছেলে খুলে দিল, আমি তো পারিনা, কি খবর তোর বল?"
এক নিমেষেই ক্লাস এইটের 
জিমন্যাসিয়ামে ফিরি,
প্রার্থনা সেরে তোর হাত ধরি
চোখে, শ্রাবণের ঝিরি ঝিরি 

বন্ধু তোদের জন্যে আমার 
ভুল করা কাজ ঠিক হয়
হাসতে হাসতে পেটে ব্যথা আর
খিস্তি খেউড়ে এঞ্জয়!
প্লীজ তোরা থাক, জড়িয়ে মরিয়ে,
বাস্তবে ও মায়ায়
তোদের জন্যে
ছিঁচকাঁদুনের বয়স টা‌ কমে যায়! 

সমাপ্ত
একলা আগস্ট, ২০২১
কল্যানী মিত্র ঘোষ

ভোরাই

 ভোরাই 







ভোর হলো, ওরে খুকু, উঠবি না?
দোর খুলবি না?
জুঁই, মালতী ফুল দিয়ে তুই
নতুন মালা গাঁথবি না? 

আলতো পায়ে ঘাসের শিশির
মাখতে যাবি কখন তুই?
জানলা দিয়ে দেখ না চেয়ে
সুয্যি মামা ডাকছে ওই 

তোকে ছাড়া নীল আকাশে
মেঘের ভেলার রং যে কালো
মুক্তো ঝরা তোর হাসিতে 
আমার ভুবন আলোয় আলো 

ভোরের বেলার ভৈরবী তুই
পাখির গলায় তোর সে সুর
এমনি করেই রোজ সকালে
রাতের আঁধার কর না রে দূর। 

কল্যানী মিত্র ঘোষ

আমি তখন ....

 আমি তখন .... 


স্কুল গ্রুপে জাদুবাকসো খুলে
মিতেনি বার করে আনে
কিশোরী আমাকে
কাঁচা হাতে বাঁধা কিছু ছন্দ
স্পষ্ট দেখিয়ে দেয় 
দু বিনুনি ও সবুজ স্কার্ট
হয়তো ক্লাসেই লিখেছি বসে, কোনোদিন,
জানলার গরাদে দিয়ে মাথা,
ওপাশে সবুজ মাঠ। 

মনে পড়ে টিফিনের ঘণ্টা,
দুদ্দাড় ছুটে লাইনে
কোনো মতে নাকে মুখে গুঁজে
পিংপং বল হাতে খেলার আসরে,
বাকিরাও টিটি বোর্ড ঘিরে 
আসর জমায়
কালো, রোগা ডিগডিগে আমি
পার্টনার খুঁজি, 
তারপরই তিড়িং বিড়িং। 

কখনো বৃষ্টি ঝেঁপে এলে
নেট দেওয়া লম্বা বারান্দায় 
সারি সারি বন্ধুরা মিলে হাত দিয়ে
জলকুচি ধ'রে 
ছুঁড়ে মারা একে অন্যকে;
ভেজানোর উৎসব শেষে চোখ পড়ে ইরাদির দিকে
কপালে দুঃখ আছে বুঝি!
(ওমা), বদলে ফিক করে হেসে
ঢুকে যান পর্দা ঢাকা ঘরে!
মেঘে ঢাকা আকাশে বিদ্যুৎ
ক্লাস ঘর ঘুটঘুটে আঁধার,
গান পেত অবধারিত
মান্না ও কিশোর কুমার। 

আর ছিল স্পোর্টসের দিন
হাই জাম্প, লং জাম্প, প্যারেড ...
সারা মাঠে দাপাদাপি শেষে
জুটে যেত কোনো পুরস্কার।
ড্রামা ছিল, সেলাই ফোঁড়াই ও
পড়া যে করিনি তাও নয়
বহুমুখী প্রতিভা আসে পাশে
দেখে শিখে আমিও উৎরে যাই
একেবারে সাদা মাটা মেয়ে;
এ মেয়েকে ভুলে গেছি কবে 
আজ এসে দাঁড়ালো মুখোমুখি,
হৃদয়ের তন্তুতে টান। 

সমাপ্ত
কল্যানী মিত্রা ঘোষ
১৬ই সেপ্টেম্বর, ২০২১

বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

উদ্ভাসিত

 উদ্ভাসিত



সে ছিল এক কোজাগরীর রাত
সমস্ত মাঠ ফ্লাড লাইটের আলোয়
উদ্ভাসিত, উচ্ছ্বসিতও বটে,
কারণ টা কি?
এক দঙ্গল মা লক্ষ্মীর পায়ে
ছোট্ট একটা পৃথিবী ঘুরপাক। 

শান্ত হয়ে লাভ কি হলো বলো?
হোক তারা আজ চঞ্চলা, দুর্বার
পাঁচালী টা লিখুক নতুন করে
পায়ের তলায় পিষুক হা হুতাশ।
এই কোরোনা, ওই টাতে পাপ হয়
বললে তারা হেসেই কুটিপাটি
উল্টে বোঝায় শতেক যুক্তি দিয়ে
ঝেড়ে ফেলায় নেই তো কোনো ক্ষতি। 

কৃত্রিম সেই ধবল আলোর মাঝে
চোখ ঝলসানো রূপ দেখি এক চাঁদের
মোম জ্যোছনা যেন তরল রূপো
অঙ্গ জুড়ে জলতরঙ্গ বাজে;
আঁজলা ভরে পান করি সেই আলো
যে আলোতে মনের আঁধার ঘোচে,
যে আলোতে আরো হাজার বছর
নিজের মতো লক্ষ্মীরা সব বাঁচে। 

সমাপ্ত
কল্যানী মিত্রা ঘোষ
২৩ শে অক্টোবর,২০২১

ওরা আমরা

 ওরা আমরা 


আমার শিশুরা "অন্যরকম"
অন্য ভাবে হাসে
চোখেতে চোখ পড়ে গেলে
মুখ ঘুরিয়ে থাকে 

রাগ হয়েছে বুঝতে পারি
গুম হয়ে যায় যখন
বোঝেনা তো এই পৃথিবীর
আজব রকম সকম 

আমরা চলি নিয়ম মতে
ওদের জগৎ অন্য
বুঝতে হবে ধৈর্য্য ধরে
দেখো, করবে ওরা মান্য 

একটা আছে মিষ্টি সোনা
"সিলেক্টিভ মিউট"
আর একটা সে বকর বুড়ো
অসম্ভব কিউট 

ওরা যখন খেলে আমি
অবাক হয়ে দেখি
"ভাষা" বলে বস্তুটার
বলি, দরকার টা কি? 

বছর তিনেক বয়স যখন
রোগটা পড়ে ধরা
অটিজম আর ওই ধরণের
নাম আছে গাল ভরা 

ওদের তাতে বয়েই গেছে
দেবশিশুদের দল
পদ্মপাতায় শিশির ওরা
কেন, আমার চোখে জল! 

সমাপ্ত
কল্যানী মিত্র ঘোষ

১৪ই নভেম্বর,২০২১ 

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

সুড়ঙ্গ

 সুড়ঙ্গ 


তোমার একটা খোলা জানালা আছে
খড়খড়ি দেওয়া
বেহালার ছড়ে টান দেওয়ার মতোই
অবলীলায় তুমি তা খোলা বন্ধ করো।
আমি ঘরের এপাশে ওপাশে 
ঘুরঘুর করি ...
কখনো সূর্য কিরণ আমার পায়ের পাতায় চুমু খায়
আবার কখনো এক চিলতে
জোছনা আদরে ভাসায়,
ওরাও জানে 
ওদের যাওয়া আসা
সবটাই তোমার মর্জি মাফিক
আমি শুধু তীর্থের কাক হয়ে
ওদের অপেক্ষায় দিন গুনি
কে জানে হয়তো একদিন 
ওটাও তুমি বন্ধ করে দেবে
ইঁটের ওপর ইঁট সাজিয়ে
খাঁজে খাঁজে ভরে দেবে চুন , সুরকি, সিমেন্ট; 

শুনেছি আনারকলি কোনো 
এক সুড়ঙ্গ পথে
ত্রস্ত্য পায়ে যমুনায় লুকোনো
নৌকায় উঠে পড়ে
গল্পকথা হবেও বা!
তবু ভাবতেই সুখ
চারদেয়ালে আটকে নেই সে আর,
আনারকলিরা ঠিক খুঁজে নেয়
নিজ নিজ সুড়ঙ্গপথ
আসে আলো, 
ভেসে যায় জোয়ারে যৌবন। 

সমাপ্ত
কল্যানী মিত্র ঘোষ

হেমন্ত সন্ধ্যা

 হেমন্ত সন্ধ্যা 



সারাদিন ধূসর মলিন
রোদ বুঝি অভিমানী আজ 
কুয়াশায় লুকিয়ে থেকে
সায়াহ্নে মুছে ফেলে লাজ 

ছাই রঙা পৃথিবী যখন
অবসাদে মন ও বিধুর
হেমন্ত এভাবেই আঁকে
ঝরে পড়া স্মৃতির দুপুর 

হিম ঝরা সাঁঝ এলো যেই
বাতাসে বিদেহী কানাকানি
অজান্তে খোলা চুলে ঢেউ
মরমী সে আসবেই জানি। 

সমাপ্ত
কল্যানী মিত্রা ঘোষ
২রা নভেম্বর,২০২১

রিটার্ন গিফ্ট

 রিটার্ন গিফ্ট 


ভাইদের মঙ্গল হোক
বোনটি ও থাক দুধে ভাতে
বড় মাছ ভাই যদি পায়
কিছু দিক বোনটিরও পাতে 

মা চায় পুত্রের ছায়া
হয়তো সে মহীরুহ হবে
তুলে নেবে কাঁধে সব দায়
মেয়ে কাল পর হয়ে যাবে 

মেয়েটার ঘর হয় না
বুকে জমে থাকে অভিমান
একদিন সে ও হয় মা
খুঁজে চলে হারানো সম্মান 

তারপর বাবা চোখ বোঁজে
মা তখন আরও অসহায়
ছেলে বউ নাতি পুতি ঘরে
তবু মনে অজানা সংশয় 

মেয়ের "বাপের বাড়ি" আজ
অনেক অচেনা হয়ে যায়
সব ঠিক ওপরে ওপরে ...
মা র হাসি সবই বলে দেয় 

বাড়িটা দাদাই তো পাবে
বোন শুধু আসে ফোঁটা দিতে
দাদার ভালো হোক সব
যম যেন আসেনা কাছেতে 

শৈশবে এক পাতে খাওয়া
যৌবনে লুকিয়ে সিনেমা
তারপর ওলোট পালোট
"ভাই বোন" আজ "বাবা মা" 

তাদেরও সন্তান শেখে
সব ভালো ভাই যেন পায়
কত শত মঙ্গলদীপ
একটাও বোনটির নয় 

বোনটি যে সর্বংসহা
বোনটির কোমল স্বভাব
বোনটির চোখে শুধু প্রেম
বোনটির নেই পরিতাপ 

ভাই যদি একবার বলে
"আমি তোর পাশে আছি বোন,
হয় যদি উথাল পাথাল
সব আমি দেখে নেবো 'খন!" 

সব কালো মুছে গিয়ে তাই
সেই দিন শুভ দিন হয়
বাবার পরে যে শুধু ভাই
মেয়েটির প্রিয় আশ্রয়। 

সমাপ্ত
কল্যানী মিত্রা ঘোষ
৬ই নভেম্বর, ২০২১


শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

থমকে আছে সবই

 থমকে আছে সবই




এই কবিতা , পালাস কেন তুই?
তোর বুকেতে মুখটি গুঁজে
চুপটি করে রই
সয় না বুঝি তোর?
এমন কি দোষ করেছি যে
দেমাক দেখাস ভারি?
ছন্দে না হয় নাই বা এলি
ভাবের ঘরেও ফাঁকি?
বলি, হচ্ছেটা কি!
তুই না এলে প্রেম কি করে বাঁচে
পথ হারা এক পথিক যেন
শীতল দাওয়া খোঁজে
সেই মাটির আঙিনায়
ডাগর চোখ কাজল দিয়ে ঘেরা
বউটা বসে উদাস মনে
পাখার বাতাস খায়
ভর দুপুরে ঘরেতে নেই কেউ
ক্ষেতে বুঝি ফসল ফলায় স্বামী
বিকেল হলেই ফিরবে গৃহকোণে
এই টুকু তার একার অবসর
পথিক আর ওই বউটার
চোখাচোখি হোক
মিষ্টি হেসে এক ঘটি জল
এগিয়ে দিক তাকে
অবাক পথিক ভীরু পায়ে
বসুক পাশাপাশি
মৃদুমন্দ বাতাস উড়ুক
আঁচল লুটোক বউয়ের
পথিক বলুক বিবাগী সে আজ,
ভালোবাসা পায়নি বুঝি চেয়ে
দুপুর গড়াক এমন অনেক কথায়
বউয়ের হাতের নাড়ুর সোয়াদ
মায়ের স্মৃতি ফেরাক
সুয্যি ডুবুডুবু, পাখির দলের কিচিরমিচির শুরু
এমনি সময় হঠাৎ কথা শেষ
বিদায় বেলায় বউটা বলুক
"আবার এসো সুজন ...
আমায় তোমার মনের কথা বোলো",
পথিক জানে ফিরবে না সে আর
বউ ও বোঝে তার আছে সংসার
একটি দুপুর, একটি শীতল পাটি,
কাঁসার ঘটি, থমকে থাকে সবই
শুধু বুকে ঢেঁকির পাড়।


কল্যানী মিত্র ঘোষ
১৪ই জুন,২০২২

মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

মেয়েদের নিজের কিছু আছে?

মেয়েদের নিজের কিছু আছে?
একটা কোণের ঘর
জানলায় নীল পর্দা
পছন্দ টাও তারই হবে কিন্তু,
ট্যারাবেঁকা ডিজাইন
নাকি ফুল ফুল ছাপ
শুধু সে ই বলে দেবে
দিনশেষে গা এলিয়ে দেবে
এক ফালি চৌকিতে
সেটার ওপরে পাতলা তোষক
আর কনট্রাস্ট চাদর
হোক ক্যাটক্যাটে
তবু তারই পছন্দের, পাবে সে?
বছর পেরিয়ে যায় আদেশ পালনে
গৃহকর্মে আর মান অভিমানে
নিজের বলতে জোটে কিছু
নোনা স্বাদ, টনটনে ঘাড়;
ভাঙ্গা ডানা ভাঁজ করে রাখা
জং ধরা স্মৃতির অ্যালবামে
নিজের বলতে ওই কোণ
বানাতে কি পারবে মেয়েরা?
যেখানে একা হওয়া যায়
যেখানে স্বপ্ন ডাকে আয়
সেখানে ইচ্ছে জাগে তার
প্রেম বুঝি আসবে আবার।
কল্যানী মিত্র ঘোষ
২৭শে জুন,২০২২


সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

মন প্যাটার্ন

 মন প্যাটার্ন



**********

তুমি বলেছিলে ভালোবাসো,
সত্যি ভেবে পুলকিত আমার
একজোড়া ডানা গজায়;
এক মেঘ থেকে অন্য মেঘে
ভেসে যেতে যেতে
ছুঁয়ে ফেলি রামধনু আর
আগুন পাখি
রাতের তারারা
নির্লজ্জ আমায় দেখে
হিংসেয় জ্বলে পুড়ে মরে
আমি বলি,"তোরা ও বাস না বাপু ভালো, কে বারণ করেছে!"
এরপর তুমি শর্ত দাও আমায়,
ভালোবেসেই বলো
কি কি "তুমি" ভালোবাসো
জানতে থাকি সব
ভালোবাসা কি আর লজিক মেনে চলে!
কিন্তু তুমি চলো,
একটা প্যাটার্ন ফলো করো
সেই প্যাটার্নের ফুল গুলোয়
ছুঁচ সুতো আমি উঠি পড়ি
সে অনেক দিন হল
তোমার ভালোবাসা তখন
আত্মবিশ্বাসী
আমি টলোমলো পায়ে
আপ্রাণ যুঝি
এই কিছু ভুল হল বুঝি
ঠোঁটের ওপাশে তোমার সেই
অমলিন হাসিটা খুঁজি
হাতে হাত রেখে উত্তাপের তারতম্য মেপে দেখি
নাহ, এখন সবটাই অভ্যেস
শিউরে ওঠা নেই
হঠাৎ চোখাচোখি আর
বুকের হাল্কা স্রোত
আজ ইতিহাস
আর তখনই ভাবতে বসি
"আমি" কি কি ভালোবাসি।
কল্যানী মিত্র ঘোষ
২২শে জুলাই ২০২২

মোহাচ্ছন্ন

 মোহাচ্ছন্ন




ভোরের স্বপ্ন কি সত্যি হয়?
দেখলাম একটা কায়াকে
তুমি অপেক্ষায়
আমি একটা বাস থেকে নেমে
লম্বা জেটির ওপর দিয়ে হাঁটছি
হেঁটেই চলেছি
বাস ভর্তি আমার কলেজের বন্ধুরা ছিল
হঠাৎ আমি পিছিয়ে, গতি শ্লথ
কি হল আমার?
সমুদ্র নাকি মোহনা ওটা?
বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে
জেটির নীচের কাঠের থাম গুলোয়
সন্ধে নামছে ...
ওদিকে তুমি ডাকছো,
"কি হল? উঠে এসো.."
চারিদিকে ফেনা আর ফেনা
সমুদ্র নীল সবুজ রং
আকাশের গায়ে মিশেছে
আর জলের ওপরে
কালো মেঘের ছায়া
যেন কি এক
ভীষণ বার্তা বয়ে আনছে
সব ভাঙবে এবার
জেটিতে খিলখিল হাসি
আমি বলি,"তোরা আসবি না?"
ঢেউয়ের আওয়াজে ওদের উত্তর
ডুবে গেল
আমি মোহাচ্ছন্নের মত উঠে পড়লাম
তুমি এক হাত বাড়িয়ে দিলে,
এবার তোমাকে পাবো।
১৫ই অক্টোবর,২০২২

ছুঁয়ে রয়ে যাবে

  ছুঁয়ে রয়ে যাবে আর দুদিন পরেই সে চলে যাবে তারপরও স্মৃতিতে যে রয়ে যাবে কখনও বা মেঘ হয়ে ছুঁয়ে যাবে সে রয়ে যাবে, সে রয়ে যাবে আজকের মেঘ ...