আমি তখন ....
স্কুল গ্রুপে জাদুবাকসো খুলে
মিতেনি বার করে আনে
কিশোরী আমাকে
কাঁচা হাতে বাঁধা কিছু ছন্দ
স্পষ্ট দেখিয়ে দেয়
দু বিনুনি ও সবুজ স্কার্ট
হয়তো ক্লাসেই লিখেছি বসে, কোনোদিন,
জানলার গরাদে দিয়ে মাথা,
ওপাশে সবুজ মাঠ।
মনে পড়ে টিফিনের ঘণ্টা,
দুদ্দাড় ছুটে লাইনে
কোনো মতে নাকে মুখে গুঁজে
পিংপং বল হাতে খেলার আসরে,
বাকিরাও টিটি বোর্ড ঘিরে
আসর জমায়
কালো, রোগা ডিগডিগে আমি
পার্টনার খুঁজি,
তারপরই তিড়িং বিড়িং।
কখনো বৃষ্টি ঝেঁপে এলে
নেট দেওয়া লম্বা বারান্দায়
সারি সারি বন্ধুরা মিলে হাত দিয়ে
জলকুচি ধ'রে
ছুঁড়ে মারা একে অন্যকে;
ভেজানোর উৎসব শেষে চোখ পড়ে ইরাদির দিকে
কপালে দুঃখ আছে বুঝি!
(ওমা), বদলে ফিক করে হেসে
ঢুকে যান পর্দা ঢাকা ঘরে!
মেঘে ঢাকা আকাশে বিদ্যুৎ
ক্লাস ঘর ঘুটঘুটে আঁধার,
গান পেত অবধারিত
মান্না ও কিশোর কুমার।
আর ছিল স্পোর্টসের দিন
হাই জাম্প, লং জাম্প, প্যারেড ...
সারা মাঠে দাপাদাপি শেষে
জুটে যেত কোনো পুরস্কার।
ড্রামা ছিল, সেলাই ফোঁড়াই ও
পড়া যে করিনি তাও নয়
বহুমুখী প্রতিভা আসে পাশে
দেখে শিখে আমিও উৎরে যাই
একেবারে সাদা মাটা মেয়ে;
এ মেয়েকে ভুলে গেছি কবে
আজ এসে দাঁড়ালো মুখোমুখি,
হৃদয়ের তন্তুতে টান।
সমাপ্ত
কল্যানী মিত্রা ঘোষ
১৬ই সেপ্টেম্বর, ২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন