মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

সুড়ঙ্গ

 সুড়ঙ্গ 


তোমার একটা খোলা জানালা আছে
খড়খড়ি দেওয়া
বেহালার ছড়ে টান দেওয়ার মতোই
অবলীলায় তুমি তা খোলা বন্ধ করো।
আমি ঘরের এপাশে ওপাশে 
ঘুরঘুর করি ...
কখনো সূর্য কিরণ আমার পায়ের পাতায় চুমু খায়
আবার কখনো এক চিলতে
জোছনা আদরে ভাসায়,
ওরাও জানে 
ওদের যাওয়া আসা
সবটাই তোমার মর্জি মাফিক
আমি শুধু তীর্থের কাক হয়ে
ওদের অপেক্ষায় দিন গুনি
কে জানে হয়তো একদিন 
ওটাও তুমি বন্ধ করে দেবে
ইঁটের ওপর ইঁট সাজিয়ে
খাঁজে খাঁজে ভরে দেবে চুন , সুরকি, সিমেন্ট; 

শুনেছি আনারকলি কোনো 
এক সুড়ঙ্গ পথে
ত্রস্ত্য পায়ে যমুনায় লুকোনো
নৌকায় উঠে পড়ে
গল্পকথা হবেও বা!
তবু ভাবতেই সুখ
চারদেয়ালে আটকে নেই সে আর,
আনারকলিরা ঠিক খুঁজে নেয়
নিজ নিজ সুড়ঙ্গপথ
আসে আলো, 
ভেসে যায় জোয়ারে যৌবন। 

সমাপ্ত
কল্যানী মিত্র ঘোষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ছুঁয়ে রয়ে যাবে

  ছুঁয়ে রয়ে যাবে আর দুদিন পরেই সে চলে যাবে তারপরও স্মৃতিতে যে রয়ে যাবে কখনও বা মেঘ হয়ে ছুঁয়ে যাবে সে রয়ে যাবে, সে রয়ে যাবে আজকের মেঘ ...