তোদের জন্যে
(স অ অ ব বন্ধুদের জন্য)
মনটা যেদিন বড্ড খারাপ
সেলফোনে দেখি বন্ধু!
"আরে? বুঝলি কি করে তোকেই খুঁজছি? টেলিপ্যাথি নাকি?"
"বিলকুল!"
হাহা হাসি শুনে এক লহমায়
যত কালো সব দে দৌড়
স্মৃতি ছেঁচে তুলি ভালোবাসাবাসি
সাঁতরে পেরোই সমুদ্দুর
আরেক টা দিন মেঘলা ই ছিল ...
মেসেঞ্জারে নক নক,
"সেকি??
তুই ফেসবুকে?"
গিন্নী বান্নি,
বুঝি দিদিমাও এতদিনে!
"ছেলে খুলে দিল, আমি তো পারিনা, কি খবর তোর বল?"
এক নিমেষেই ক্লাস এইটের
জিমন্যাসিয়ামে ফিরি,
প্রার্থনা সেরে তোর হাত ধরি
চোখে, শ্রাবণের ঝিরি ঝিরি
বন্ধু তোদের জন্যে আমার
ভুল করা কাজ ঠিক হয়
হাসতে হাসতে পেটে ব্যথা আর
খিস্তি খেউড়ে এঞ্জয়!
প্লীজ তোরা থাক, জড়িয়ে মরিয়ে,
বাস্তবে ও মায়ায়
তোদের জন্যে
ছিঁচকাঁদুনের বয়স টা কমে যায়!
সমাপ্ত
একলা আগস্ট, ২০২১
কল্যানী মিত্র ঘোষ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন