মন প্যাটার্ন
সত্যি ভেবে পুলকিত আমার
একজোড়া ডানা গজায়;
এক মেঘ থেকে অন্য মেঘে
ভেসে যেতে যেতে
ছুঁয়ে ফেলি রামধনু আর
আগুন পাখি
রাতের তারারা
নির্লজ্জ আমায় দেখে
হিংসেয় জ্বলে পুড়ে মরে
আমি বলি,"তোরা ও বাস না বাপু ভালো, কে বারণ করেছে!"
এরপর তুমি শর্ত দাও আমায়,
ভালোবেসেই বলো
কি কি "তুমি" ভালোবাসো
জানতে থাকি সব
ভালোবাসা কি আর লজিক মেনে চলে!
কিন্তু তুমি চলো,
একটা প্যাটার্ন ফলো করো
সেই প্যাটার্নের ফুল গুলোয়
ছুঁচ সুতো আমি উঠি পড়ি
সে অনেক দিন হল
তোমার ভালোবাসা তখন
আত্মবিশ্বাসী
আমি টলোমলো পায়ে
আপ্রাণ যুঝি
এই কিছু ভুল হল বুঝি
ঠোঁটের ওপাশে তোমার সেই
অমলিন হাসিটা খুঁজি
হাতে হাত রেখে উত্তাপের তারতম্য মেপে দেখি
নাহ, এখন সবটাই অভ্যেস
শিউরে ওঠা নেই
হঠাৎ চোখাচোখি আর
বুকের হাল্কা স্রোত
আজ ইতিহাস
আর তখনই ভাবতে বসি
"আমি" কি কি ভালোবাসি।
কল্যানী মিত্র ঘোষ
২২শে জুলাই ২০২২

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন