থমকে আছে সবই
এই কবিতা , পালাস কেন তুই?
তোর বুকেতে মুখটি গুঁজে
চুপটি করে রই
এমন কি দোষ করেছি যে
দেমাক দেখাস ভারি?
ছন্দে না হয় নাই বা এলি
ভাবের ঘরেও ফাঁকি?
বলি, হচ্ছেটা কি!
তুই না এলে প্রেম কি করে বাঁচে
পথ হারা এক পথিক যেন
শীতল দাওয়া খোঁজে
সেই মাটির আঙিনায়
ডাগর চোখ কাজল দিয়ে ঘেরা
বউটা বসে উদাস মনে
পাখার বাতাস খায়
ভর দুপুরে ঘরেতে নেই কেউ
ক্ষেতে বুঝি ফসল ফলায় স্বামী
বিকেল হলেই ফিরবে গৃহকোণে
এই টুকু তার একার অবসর
পথিক আর ওই বউটার
চোখাচোখি হোক
মিষ্টি হেসে এক ঘটি জল
এগিয়ে দিক তাকে
অবাক পথিক ভীরু পায়ে
বসুক পাশাপাশি
মৃদুমন্দ বাতাস উড়ুক
আঁচল লুটোক বউয়ের
পথিক বলুক বিবাগী সে আজ,
ভালোবাসা পায়নি বুঝি চেয়ে
দুপুর গড়াক এমন অনেক কথায়
বউয়ের হাতের নাড়ুর সোয়াদ
মায়ের স্মৃতি ফেরাক
সুয্যি ডুবুডুবু, পাখির দলের কিচিরমিচির শুরু
এমনি সময় হঠাৎ কথা শেষ
বিদায় বেলায় বউটা বলুক
"আবার এসো সুজন ...
আমায় তোমার মনের কথা বোলো",
পথিক জানে ফিরবে না সে আর
বউ ও বোঝে তার আছে সংসার
একটি দুপুর, একটি শীতল পাটি,
কাঁসার ঘটি, থমকে থাকে সবই
শুধু বুকে ঢেঁকির পাড়।
কল্যানী মিত্র ঘোষ
১৪ই জুন,২০২২

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন