রিটার্ন গিফ্ট
ভাইদের মঙ্গল হোক
বোনটি ও থাক দুধে ভাতে
বড় মাছ ভাই যদি পায়
কিছু দিক বোনটিরও পাতে
মা চায় পুত্রের ছায়া
হয়তো সে মহীরুহ হবে
তুলে নেবে কাঁধে সব দায়
মেয়ে কাল পর হয়ে যাবে
মেয়েটার ঘর হয় না
বুকে জমে থাকে অভিমান
একদিন সে ও হয় মা
খুঁজে চলে হারানো সম্মান
তারপর বাবা চোখ বোঁজে
মা তখন আরও অসহায়
ছেলে বউ নাতি পুতি ঘরে
তবু মনে অজানা সংশয়
মেয়ের "বাপের বাড়ি" আজ
অনেক অচেনা হয়ে যায়
সব ঠিক ওপরে ওপরে ...
মা র হাসি সবই বলে দেয়
বাড়িটা দাদাই তো পাবে
বোন শুধু আসে ফোঁটা দিতে
দাদার ভালো হোক সব
যম যেন আসেনা কাছেতে
শৈশবে এক পাতে খাওয়া
যৌবনে লুকিয়ে সিনেমা
তারপর ওলোট পালোট
"ভাই বোন" আজ "বাবা মা"
তাদেরও সন্তান শেখে
সব ভালো ভাই যেন পায়
কত শত মঙ্গলদীপ
একটাও বোনটির নয়
বোনটি যে সর্বংসহা
বোনটির কোমল স্বভাব
বোনটির চোখে শুধু প্রেম
বোনটির নেই পরিতাপ
ভাই যদি একবার বলে
"আমি তোর পাশে আছি বোন,
হয় যদি উথাল পাথাল
সব আমি দেখে নেবো 'খন!"
সব কালো মুছে গিয়ে তাই
সেই দিন শুভ দিন হয়
বাবার পরে যে শুধু ভাই
মেয়েটির প্রিয় আশ্রয়।
সমাপ্ত
কল্যানী মিত্রা ঘোষ
৬ই নভেম্বর, ২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন